প্রেম

ভালোবেসেছি

তোমার হাতে হাত রেখে
তোমার চোখের স্বপ্ন দেখে
জীবনটা কাটিয়ে দিয়েছি।
তোমার ঠোঁটের উষ্ণতায়
বার বার রোমাঞ্চিত হয়েছি
ভালোবাসার চরম মূহুর্তে
হয়ত বা অন্য কাউকে চেয়েছি
তবু তোমাকেই ভালোবেসেছি।

আমি ব্যাভিচারী নই
কিন্তু ব্যাভিচারী মন যে আমার
তার লাগাম কই।
উজাড় করে ভালোবাসতে গিয়ে
বারে বারে থমকে গেছি
শরীরটা ছিল তোমার কাছে
মনে মনে অন্য কাউকে ভেবেছি
তাও তোমাকেই ভালোবেসেছি।

উথাল পাতাল হৃদমাঝারে
মোহনার তরে ভেসেছি
ভবসাগরে ডুবতে গিয়েও
বারে বারে ভেসে উঠেছি
প্রেমের কিনারায় ঠেকতে গিয়েও
কুল খূঁজে মরেছি
আমি তোমাকেই ভালোবেসেছি।